জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক বাতিল ও নির্বাচনের দাবিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি:সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার বিকেলে সাভার জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের সামনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আয়োজিত এ মানববন্ধনে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নির্বাচিত কমিটি ছাড়া মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন করা সম্পূর্ণ বেআইনি। কোনো ভাড়াটিয়া যদি অবৈধ প্রশাসক বা কমিটিকে ভাড়া দেন, তবে পরবর্তীতে নির্বাচিত কমিটি তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার বলেন, “অবৈধ প্রশাসক মানি না, মানবো না।” এ সময় তিনি অতিদ্রুত অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল, নতুন নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংস্থার দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানান।

এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতা ও অধিকার নিশ্চিত করতে মার্কেটের সার্বিক ব্যবস্থাপনায় নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান আন্দোলনকারীরা।