জনগণের চোখের ভাষা না বোঝার পরিণতি দেশত্যাগ: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:জনগণের চোখের ভাষা ও মনের আকুতি না বোঝার পরিণতি যে কতটা নির্মম হতে পারে, দেশত্যাগই তার বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।

আজ ২৪ আগস্ট (সোমবার) বিকেল ৩টায় হযরতপুর কাজীকান্দী চৌরাস্তায় কোনাখোলা-আটিবাজার-কলাতিয়া-হেমায়েতপুর বেগম খালেদা জিয়া আঞ্চলিক মহাসড়কের মেরামত কাজ উদ্বোধন ও উদ্বোধনী পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইটাভাড়া ব্রীজকে ‘শহীদ কাজী নাজিমউদ্দীন সেতু’ হিসেবে আনুষ্ঠানিকভাবে নামকরণ ও শুভ উদ্বোধন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এতে কেরানীগঞ্জ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমানউল্লাহ আমান আরও বলেন, সাধারণ মানুষের দাবির প্রতি অবহেলা করে কোনো শাসকই টিকে থাকতে পারেনি। ইতিহাস সাক্ষী, জনগণের ভাষা যে দল বা সরকার বুঝতে ব্যর্থ হয়, শেষ পর্যন্ত তাদের অপদস্থ হয়ে দেশ ছাড়তে হয়।এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনগণের ভোগান্তি লাঘবে বিএনপি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।