স্টাফ রিপোর্টার:রাজধানীর পূর্ব গোড়ানের ৩৪৩ নম্বর ভবন নিয়ে নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ ওঠার পর নতুন করে আলোচনায় এসেছেন ভবনটির মালিক মো. শফিকুল ইসলাম। অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি সামনে এসেছে তাঁর সাংবাদিক পরিচয়ও; তিনি নিজেকে জাতীয় দৈনিক ‘বিকাল বার্তা’-এর স্টাফ রিপোর্টার এবং ‘চ্যানেল ২৬’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিচ্ছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় দৈনিক ‘বিকাল বার্তা’-এ তাঁর প্রেস কার্ড নম্বর ১৭১ এবং ইস্যু তারিখ ৯ নভেম্বর ২০২৬। অন্যদিকে ‘চ্যানেল ২৬’-এর কার্ড নম্বর ০৮৫ হলেও সেটির ইস্যু তারিখের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া গত ১৮ নভেম্বর তাঁর নামে একটি কলাম প্রকাশের তথ্যও পাওয়া গেছে। সব মিলিয়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযুক্ত মালিকের একই সময়ে সাংবাদিক পরিচয়ে সক্রিয় হয়ে ওঠা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
অভিযোগের পরও একতলা থেকে চারতলা
অনুসন্ধানে জানা গেছে, ৩৪৩ পূর্ব গোড়ানের ভবনটির নির্মাণকাজ দ্বিতীয় তলায় পৌঁছানোর সময়ই নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ রাজউকের সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয়। অভিযোগকারীদের দাবি, এরপরও নির্মাণকাজ বন্ধ হয়নি; বরং ধাপে ধাপে ভবনটি চারতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।
নকশায় বাস্তবে যা:
ভবনটির বিরুদ্ধে ওঠা অভিযোগের অন্যতম বিষয় হলো অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের অসামঞ্জস্য। অভিযোগ রয়েছে, ভবনের নির্ধারিত জায়গা ছাড়ার বিধান বা সেটব্যাক যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং ভবনের ক্যান্টিলিভার সম্প্রসারণ নিয়েও প্রশ্ন রয়েছে।
স্থানীয়দের,রাজউকের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন:
রাজউক জোন-৬-এর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন
ভবনটি রাজউকের জোন-৬ এলাকার আওতাধীন। এ দপ্তরের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইমারত পরিদর্শক মো. ইয়াসিন মিয়া এবং অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের নাম সামনে এসেছে। দ্বিতীয় তলায় নির্মাণকাজ চলাকালে অভিযোগ পৌঁছানোর পর তাঁরা কী পদক্ষেপ নিয়েছেন—আর পদক্ষেপ নিয়েই থাকলে ভবনটি চারতলা পর্যন্ত উঠল কীভাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।





