কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের রামেরকান্দা এলাকায় খাড়াকান্দি খালের মুখে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.উমর ফারুক। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

অভিযানে খালের ওপর নির্মিত একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের ওপর গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে ইউএনও মো.উমর ফারুক বলেন, সরকারের খাল খনন ও খাল উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কেরানীগঞ্জের সব খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন এই অভিযান। এরই ধারাবাহিকতায় খাড়াকান্দি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে।’

ইউএনও আরো বলেন, খালের উপর যেসব অবৈধ স্থাপনা এখনো রয়েছে,সেগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।