কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: মৎস্য ও পশুখাদ্য খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং অবৈধ ব্যবসা রোধে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার ব্যস্ততম আবদুল্লাহপুর বাজারে পরিচালিত এই বিশেষ অভিযানে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন পশুখাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,’মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০’ অনুযায়ী পশুখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের জন্য বৈধ সরকারি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু আবদুল্লাহপুর বাজারের কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো রকম অনুমোদন বা লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছিল।
অভিযানকালে লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ‘মেসার্স হাজী স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ‘মেসার্স আল বারাকাহ ফিড’ এবং ‘আল বারাকাহ মেডিসিন’—এই দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার বেগের প্রসিকিউশনে পরিচালিত এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজিদ উল মাহমুদ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে মানসম্মত ও নিরাপদ পশুখাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে আগামীতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।





