কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল রহিতকরণকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন দলিলদাতা অঞ্জন সেন।
সোমবার দুপুরে উপজেলার ইকুরিয়া এলাকার একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অঞ্জন সেন জানান,দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর মৌজায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩৮১ শতাংশ জমি বিক্রির জন্য তিনি ও তাঁর ভাই সঞ্জয় সেন আল-আমিন নামে এক ব্যক্তির অনুকূলে দুটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেন। এর মধ্যে ২০২৪ সালের ৩ ডিসেম্বর ১৩১৯৯ নম্বর দলিলের মাধ্যমে সাড়ে ২০ শতাংশ এবং ২০২৫ সালের ৩ মার্চ ১৯২১ নম্বর দলিলের মাধ্যমে ৩৬১ শতাংশ জমির পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করা হয়।
তিনি দাবি করেন,দীর্ঘ সময় অতিবাহিত হলেও আল-আমিন তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।এ অবস্থায় তাঁকে ধারাবাহিকভাবে তিনটি আইনি নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সাব-রেজিস্ট্রারের কাছে পাওয়ার অব অ্যাটর্নি দলিল দুটি রহিতকরণের আবেদন করা হলে সম্প্রতি দলিল দুটি রহিত করা হয়।
অঞ্জন সেনের অভিযোগ,দলিল রহিত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে আল-আমিনের কয়েকজন সহযোগী তাঁকে এবং সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। সেখানে ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে দলিল রহিত করা হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, অপপ্রচারকারীরা তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। নিরাপত্তাহীনতায় তিনি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে উল্লেখ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।





