সংবাদদাতা:সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়ামত উল্লার বিরুদ্ধে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেপ্তার করায় ক্ষুব্ধ হয়ে একটি চক্র এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম রেজাকে গ্রেপ্তারসহ বেশ কয়েকটি সফল ও সাহসিক অভিযান পরিচালনা করেন এসআই নিয়ামত উল্লা। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। এতে ক্ষুব্ধ হয় স্থানীয় চিহ্নিত অপরাধী, মাদক কারবারি ও সুবিধা বঞ্চিত একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। মূলত এই চক্রটিই একজোট হয়ে উক্ত কর্মকর্তার পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানামুখী মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচার শুরু করেছে।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই নিয়ামত উল্লা বলেন:
“আমি সবসময় অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করে আসছি। সাভারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করায় একটি কুচক্রী মহল চক্রান্ত শুরু করেছে। তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আমাকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই।”
এদিকে একজন সৎ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের ঘটনায় সাভার মডেল থানার সহকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, যেসব কর্মকর্তা সততা ও দূরদর্শিতার সাথে দায়িত্ব পালন করেন, তাদের কাজের উৎসাহ নষ্ট করতেই এই চক্রান্ত চালানো হচ্ছে। এ বিষয়ে সঠিক তদন্ত করে অবিলম্বে অপপ্রচারকারী চক্রটিকে চিহ্নিত করার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।





