কেরানীগঞ্জে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:কেরানীগঞ্জে কোনো ধরনের দালাল সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না এবং কোনো প্রবাসী যেন প্রতারণা বা ক্ষতির শিকার না হন,তা নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক।

আজ মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি’র বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ওমর ফারুক বলেন, “বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ একশ্রেণীর অসাধু দালাল চক্রের খপ্পরে পড়ে সাধারণ প্রবাসী ও তাদের পরিবার সর্বস্ব হারাচ্ছেন। কেরানীগঞ্জে কোনো দালাল সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরাপদ ও নিশ্চিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সকল পেশার মানুষকে সচেতন ও সজাগ থাকতে হবে।”

উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রতিনিধি,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থা প্রধান, এবং সংবাদকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।সভায় বৈধ উপায়ে বিদেশ গমন, রিমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং মানব পাচার রোধে গৃহীত নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।