কেরানীগঞ্জে অবৈধ সার কারখানায় মোবাইল কোর্ট: লাখ টাকা জরিমানা আটক ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদারবাগ এলাকায় একটি অবৈধ সার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।ক্ষতিকর ও ভেজাল সার উৎপাদনের অভিযোগে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।একই সাথে সিলগালা করা কারখানা ও জব্দ করা মালামাল স্থানীয় কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টার এই অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।

এ সময় অভিযানসূত্রে জানা যায়,কোনো প্রকার অনুমতি ও সঠিক নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কালিন্দি ইউনিয়নের গদারবাগ এলাকার একটি কারখানায় টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন ভেজাল সার উৎপাদন করা হচ্ছিল। যা পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে কৃষি ও মৎস্য খাতে ব্যবহারের জন্য বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার মালিক মো: জামালকে আটক করা হয়।পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারখানা মালিক স্বীকার করেন,বাজারে এক বস্তা সারের দাম সাধারণ সারে ১,৩৫০ টাকা হলেও তিনি এই ক্ষতিকর ভেজাল সার মাত্র ৪৫০ টাকায় বিক্রি করতেন।এভাবে দীর্ঘদিন ধরে তিনি কৃষক ও মৎস্যজীবীদের সাথে প্রতারণা করে আসছিলেন।

অভিযানকালে উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুন লিখিত প্রসিকিউশন দাখিল করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইন, ২০১৮’এর সংশ্লিষ্ট ধারায় আসামিকে নগদ ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সাথে অবৈধ কারখানাটির সমুদয় মালামাল ও প্রাঙ্গণ উপজেলা কৃষি অফিসারের জিম্মায় প্রদানের নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানের সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ,উপজেলা গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে ভেজাল ও অবৈধ কারখানার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।