নিজস্ব প্রতিবেদক:লন্ডন স্কুল অফ ইংলিশের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার ইতিবাচক সিদ্ধান্তের পরপরই শিক্ষকদের একটি পৃথক বৈঠককে কেন্দ্র করে অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও ভবিষ্যতের স্বার্থে কোনো ধরনের অভ্যন্তরীণ কোন্দল বা ‘গ্রুপিং’ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ অভিভাবকরা।
সূত্র জানায়, গতকাল স্কুলের সম্মানিত অভিভাবক, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি দ্রুত চালুর বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত ওই সভায় কর্তৃপক্ষ অতি দ্রুত ক্লাস শুরুর ঘোষণা দেয়। সিদ্ধান্ত বাস্তবায়নে আজ থেকেই সকল শিক্ষককে স্কুলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া কার্যক্রম দ্রুত গতিশীল করতে টিচার কোঅর্ডিনেটর মো. ফিরোজকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
তবে এ সিদ্ধান্তের মাত্র কয়েক ঘণ্টা পর,গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান ফিরোজের উদ্যোগে শিক্ষকদের নিয়ে পৃথক একটি অনলাইন (Zoom) মিটিং অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। গভীর রাতের এই বৈঠকের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর অভিভাবকদের মনে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিভাবকদের প্রশ্ন—স্কুল চালুর লক্ষ্যে যখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে, তখন গভীর রাতে আলাদা বৈঠকের উদ্দেশ্য কী? এটি সাধারণ প্রশাসনিক আলোচনা, নাকি শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
একাধিক অভিভাবক প্রতিনিধিরা জানান, তারা কারও বিরুদ্ধে অযাচাইকৃত অভিযোগ আনছেন না। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় নিরপেক্ষ তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যা দাবি করছেন।
তারা জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানটি কারো ব্যক্তিগত স্বার্থের জায়গা নয়; শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ এর সঙ্গে যুক্ত। তাই সকল পক্ষকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে গোপনে সভা না করে যেকোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন ও দ্রুত সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি করা হয়।





