সাভারের ওসি সাইফুল আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’নির্বাচিত

সাভার প্রতিনিধি:আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ক্লুলেস মামলার রহস্য উন্মোচন এবং মানবিক পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেছেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।

ঢাকা জেলার পুলিশ সুপার আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাভার থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার দ্রুত আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষজনক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পর্যালোচনা শেষে সাইফুল আলমকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সাভার থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, যেকোনো কাজের স্বীকৃতি নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা যোগায়। এই অর্জন তাঁর একার নয়, বরং সাভার থানার প্রতিটি পুলিশ সদস্যের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। তিনি সাভার থানা এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং জনগণের সেবা সুনিশ্চিত করতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন।