জান্নাতের টিকিট’ বিক্রি করা দল ফের দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে-আমান উল্লাহ আমান:

নিজস্ব প্রতিবেদক:রাজনৈতিক স্বার্থ হাসিলে ধর্মকে ব্যবহার করে অতীতে যারা ‘জান্নাতের টিকিট’ বিক্রি করেছিল, সেই একই গোষ্ঠী আবারও দেশকে অস্থিতিশীল করতে নতুন করে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে বলে তীব্র অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান তাঁর বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,”একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী জনগণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে অতীতে প্রতারণার রাজনীতি করেছে। তারা এখন আবার নতুন করে নেপথ্যে থেকে দেশবিরোধী নানা ষড়যন্ত্র জাল বুনছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফায়দা লোটা। তবে দেশপ্রেমিক জনগণ তাদের এই হীন চক্রান্ত আর বাস্তবায়ন হতে দেবে না।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘাটারচর থেকে এক বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত জনসভায় মিলিত হয়। এতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকাসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

কেরানীগঞ্জ মডেল থানা ও স্থানীয় শাখা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। জনসভা থেকে নেতৃবৃন্দ সকল অপশক্তি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।