নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রেণু পোনা জব্দ করেছে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য অফিস। আজ সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে দুটি ট্রাক তল্লাশি করে ৭৫ ড্রামে রাখা রেণু পোনা উদ্ধার করা হয়। জব্দ করা রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এসময় মালিক পক্ষের কাউকে আটক করা সম্ভব হয়নি।
কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে খুলনায় নেওয়ার পথে রেণু পোনাগুলো আটক করা হয়। পরে উদ্ধার করা রেণু ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে সংগ্রহ করা এসব রেণু খুলনায় পাচার করা হচ্ছিল। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, কেরানীগঞ্জ দীর্ঘদিন ধরে চোরাকারবারিদের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ কারণে এ পথে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে রেণু পরিবহন ও পাচার ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





