কেরানীগঞ্জে পৈতৃক বসত’ভিটা ফিরে পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর এলাকার সামিউল ইসলাম নামে এক ব্যক্তি পৈতৃক বসতভিটার ৫৪ শতাংশ জমি ভোগদখলে বাধা এবং দীর্ঘদিনের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সামিউল ইসলাম (৩৫)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার আলিপুর, ডাকঘর ইটাভাড়া, হয়রতপুর এলাকার বাসিন্দা।

সামিউল ইসলাম দাবি করেন,চর আলগী মৌজায় অবস্থিত জমিটি তার পিতা নূরুল ইসলাম গংদের ওয়ারিশ ও ক্রয়সূত্রে বৈধ সম্পত্তি।তবে ভুলক্রমে জমিটি অন্যের নামে আরএস রেকর্ড হওয়ায় তারা রেকর্ড সংশোধনী মামলা নং ৫৪০/২০২১ দায়ের করেন।

তিনি জানান, আদালত তাদের পক্ষে রায় দেওয়ার পর মিস কেস নং ১১/২৪ এর মাধ্যমে নতুন খতিয়ানে ভুক্ত করা হয়।পরবর্তীতে নামজারি সম্পন্ন এবং সরকারি খাজনাও নিয়মিত পরিশোধ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সামিউল ইসলামের অভিযোগ, স্বৈরাচার আওয়ামী লীগের একটি প্রভাবশালী পক্ষ দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার করে জমিটি দখলে রাখার চেষ্টা করছে।পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এ অবস্থায় অবৈধ দখলদারদের উচ্ছেদ, হয়রানি বন্ধ এবং বৈধ মালিকদের কাছে জমি বুঝিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।