কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা মৌজায় বিভিন্ন দাগের‘ইব্রাহিম সওদাগর ওয়াকফ এস্টেট’-এর জমি ১৯৪২ সালের দলিলে ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধ করার পর ও একটি মহল ক্রয় বিক্রয়ের চেষ্টা করেন ।
সরজমিনে গিয়ে দেখা যায়,ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের নিবন্ধিত এবং সম্পত্তিটির রেকর্ড সংশোধন / বাটোয়ারা সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল ভুয়া নামজারি,জমি ভরাট ও মাটি কেটে দখলের মাধ্যমে ছোট ছোট প্লট এবং বাউন্ডারি করে জমি বিক্রির চেষ্টা করছে।
এলাকাবাসীর দাবি,বিচারাধীন এই জমিতে কোনো ধরনের লেনদেন বা হস্তান্তর আদালতের নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন। সাধারণ মানুষ যেন এই প্রতারণার ফাঁদে পা না দেন,সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





